ইয়েমেনের ১৪ জেলায় নিরাপদ পানি নিশ্চিতে সৌদির ৬২ প্রকল্প
সৌদি আরব ইয়েমেনের ১৪টি জেলায় নিরাপদ পানি ও সেবার মানোন্নয়নে ৬২টি প্রকল্প ও উদ্যোগ বাস্তবায়ন করেছে, যা নিরাপদ পানি সরবরাহ ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করছে।
মূল বিষয়
AIসৌদি আরবের সৌদি উন্নয়ন ও পুনর্গঠন কর্মসূচির মাধ্যমে ইয়েমেনের ১৪টি জেলায় পানি খাতে ৬২টি উন্নয়ন প্রকল্প ও উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। এর লক্ষ্য ছিল শহর ও গ্রামাঞ্চলে পানির বণ্টন দক্ষতা বাড়ানো, নিরাপদ পানি সরবরাহ জোরদার করা, মানুষের জীবনমান উন্নত করা এবং পানির টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা।
এসব প্রকল্পের ফলে নিরাপদ ও টেকসই পানির উৎস তৈরি হয়েছে, পানির ব্যবস্থাপনা আরও দক্ষ হয়েছে এবং অপচয় কমেছে। এতে স্থানীয় জনগণ নিজেদের পানিসম্পদ ব্যবস্থাপনার সক্ষমতা অর্জন করেছে এবং মৌলিক চাহিদা পূরণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। প্রকল্পের আওতায় মাহরা প্রদেশের আল-গাইদা শহরের ১০০% পানি চাহিদা, সোকোত্রা প্রদেশের ৫০% এবং আংশিকভাবে আদেন প্রদেশের চাহিদা পূরণ করা হয়েছে।
পানি খাতে কর্মসূচির প্রকল্পগুলোতে অবকাঠামো উন্নয়ন, আধুনিক প্রযুক্তি ব্যবহার ও পরিবেশগত ও পরিচালনাগত টেকসইতা নিশ্চিত করার সমন্বিত কৌশল গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে পানির নেটওয়ার্ক নির্মাণ ও উন্নয়ন, গ্রাহকদের সঙ্গে উৎস সংযোগ, নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে কূপ ও পাম্প চালানো—যা উৎপাদন ও বিতরণ দক্ষতা বাড়িয়েছে, খরচ কমিয়েছে এবং সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন এলাকায় সেবার আওতা বাড়িয়েছে।
কর্মসূচির আওতায় কৃষি খাতেও সহায়তা দেওয়া হয়েছে। আধুনিক সেচ প্রযুক্তি, বিশেষত ড্রিপ ইরিগেশন চালু করা হয়েছে, যাতে পানির অপচয় কমে এবং টেকসই কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়।
সোকোত্রা প্রদেশে সমন্বিত পানি সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার প্রকল্পটি পানির উৎস বৈচিত্র্য, সরবরাহব্যবস্থা উন্নয়ন ও টেকসই ব্যবস্থাপনার সফল উদাহরণ হিসেবে উঠে এসেছে।
স্থানীয় জনগণকে সক্ষম করে তুলতে এবং কারিগরি ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কর্মসূচি নেওয়া হয়েছে। এতে পানি ব্যবস্থাপনা, পরিচালনা ও রক্ষণাবেক্ষণে কর্মীদের দক্ষতা বেড়েছে। পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে স্থানীয়দের অংশগ্রহণ ও টেকসই পানি ব্যবহারের চর্চা বাড়ানো হয়েছে, যা দীর্ঘমেয়াদে সেবার ধারাবাহিকতা ও প্রকল্প পরিচালনার দক্ষতা বাড়াবে।
চলতি বছরের জানুয়ারিতে সৌদি উন্নয়ন ও পুনর্গঠন কর্মসূচি ইয়েমেনের আদেন প্রদেশে প্রথম পানি বিশুদ্ধকরণ কেন্দ্র স্থাপনের ঘোষণা দেয়। এর লক্ষ্য আধুনিক প্রযুক্তিতে লবণাক্ত পানি বিশুদ্ধ করে নিরাপদ পানির উৎস বাড়ানো ও পানিসম্পদের অপচয় রোধ। এই প্রকল্পের আওতায় সৌদি অভিজ্ঞতা ও প্রযুক্তি ইয়েমেনি কর্মীদের মধ্যে স্থানান্তর করা হবে, যাতে কারিগরি দক্ষতা ও সেবার টেকসইতা নিশ্চিত হয়।
এই সহায়তা সৌদি আরবের সামগ্রিক উন্নয়ন উদ্যোগের অংশ, যা ইয়েমেন সরকারের ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ে বাস্তবায়িত হচ্ছে। এখন পর্যন্ত ১৬টি জেলায় ৮টি গুরুত্বপূর্ণ খাতে—শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি, পানি, পরিবহন, কৃষি ও মৎস্য, উন্নয়নমূলক কর্মসূচি এবং ইয়েমেনি সরকারের সক্ষমতা বৃদ্ধি—মোট ৩০০টি প্রকল্প ও উদ্যোগ নেওয়া হয়েছে।
