মদিনার মসজিদে নববির খতিব: সৌদি আরব তাওহিদের পতাকাতলে প্রতিষ্ঠিত, মুসলিম ঐক্য জরুরি
মদিনার মসজিদে নববির খতিব মুসলিমদের আল্লাহভীতি ও একতার আহ্বান জানিয়েছেন, সতর্ক করেছেন বিভেদ ও স্বার্থপরতা থেকে, গুরুত্ব দিয়েছেন তওবা ও নেক কাজে একতাবদ্ধ থাকার ওপর।
মূল বিষয়
AIমদিনার মসজিদে নববির ইমাম ও খতিব শায়খ ড. হুসাইন আল শেখ মুসলিমদের আল্লাহভীতি ও তাঁর আনুগত্যের পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ইহকাল ও পরকালে সফলতা অর্জিত হয় সত্যিকারের ঈমান, আল্লাহর জন্য একনিষ্ঠ ইবাদত, তাঁর আদেশ মানা ও নিষেধ এড়ানোর মাধ্যমে।
আল শেখ বলেন, সফলতা মানে সব প্রিয় জিনিস লাভ ও অপ্রিয় থেকে মুক্তি। ইসলাম এমন পথ দেখিয়েছে, যাতে আল্লাহর একত্বে বিশ্বাস, একনিষ্ঠ ইবাদত ও তাঁর বিধান মানার মাধ্যমে মানুষের সুখ-শান্তি নিশ্চিত হয়।
তিনি আরও বলেন, সত্যিকারের ঈমানের প্রভাব মুসলিমের মন, জীবন ও আচরণে প্রকাশ পায়। এতে আল্লাহর জন্য একনিষ্ঠ ইবাদত, তাঁর বিধান ও রাসুলের সুন্নাহ মেনে চলা এবং জীবনের সব ক্ষেত্রে শরিয়তের বিধান কার্যকর করার আহ্বান রয়েছে। এ বিষয়ে তিনি কোরআন ও হাদিসের উদ্ধৃতি দেন।
তিনি বলেন, সত্যিকারের ঈমানের দাবিই হলো তাওহিদ প্রতিষ্ঠা ও তার পরিপন্থী সবকিছু থেকে দূরে থাকা, এবং নবী, সাহাবি ও পূর্বসূরি মুসলিমদের পথ অনুসরণ করা। আল্লাহ সত্যিকারের মুমিনদের রক্ষা করেন বলেও তিনি উল্লেখ করেন।
শেখ আল শেখ আত্মকৃপণতা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, সত্যিকারের ঈমান মুসলিমকে এই দোষ থেকে রক্ষা করে, যা পূর্ববর্তী অনেক জাতির ধ্বংসের কারণ ছিল। তিনি হাদিসের আলোকে জুলুম ও কৃপণতা থেকে সতর্ক থাকতে বলেন।
তিনি বলেন, ঈমানের ফল হলো অশ্লীলতা থেকে দূরে থাকা, ধৈর্য ও সংকটে অটল থাকা। ঈমান মুসলিমকে বিপদের মুখে সাহস ও মানসিক প্রশান্তি দেয়।
তিনি আন্তরিক তওবা, আল্লাহর দিকে ফিরে আসা ও বেশি বেশি ইস্তেগফারের গুরুত্ব তুলে ধরেন। নবীর হাদিসের আলোকে বিশেষত সংকটকালে তওবা ও আল্লাহর স্মরণ বাড়ানোর কথা বলেন।
তিনি মুসলিমদের সত্য ও নেক কাজে পরস্পরকে উৎসাহিত করা, কোরআন-সুন্নাহর ওপর অটল থাকা এবং ঐক্য ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। বলেন, ঐক্য ও সহযোগিতা সফলতা ও অশান্তি থেকে মুক্তির অন্যতম প্রধান উপায়।
শেষে তিনি বলেন, সৌদি আরব তাওহিদের পতাকাতলে, শরিয়তের শাসন ও মুসলিমদের স্বার্থরক্ষার জন্য প্রতিষ্ঠিত হয়েছে। তিনি আল্লাহর সাহায্য ও নিরাপত্তার ওপর আস্থা রেখে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
