৪ হাজার কর্মী ছাঁটাই, ৪৫১ মিলিয়ন পাউন্ড ক্ষতিতে জাগুয়ার ল্যান্ড রোভার
ব্রিটিশ জাগুয়ার ল্যান্ড রোভার জুলাই-সেপ্টেম্বরে ৪৫১ মিলিয়ন পাউন্ড ক্ষতির মুখে পড়েছে। পুনর্গঠন ও ৪ হাজার কর্মী ছাঁটাইয়ের খরচে এই ক্ষতি হয়েছে।
মূল বিষয়
AIব্রিটিশ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জাগুয়ার ল্যান্ড রোভার জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ত্রৈমাসিকে ৪৫১ মিলিয়ন পাউন্ড ক্ষতির মুখে পড়েছে। পুনর্গঠন খরচ ও প্রায় ৪ হাজার কর্মী ছাঁটাইয়ের কারণে এই ক্ষতি হয়েছে। কোম্পানিটি মূল বাজারে বিক্রি কমে যাওয়া এবং চীনা বৈদ্যুতিক গাড়ি নির্মাতাদের বাড়তি প্রতিযোগিতার চাপও সামলাচ্ছে।
ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে, যুক্তরাজ্যের গাড়ি শিল্পে সবচেয়ে বড় নিয়োগদাতা জাগুয়ার ল্যান্ড রোভার এই সময়ে ৫.৯ বিলিয়ন পাউন্ড আয় করেছে। তবে কঠিন ব্যবসায়িক পরিস্থিতিতে কর্মী ছাঁটাইয়ের জন্য ৫৩০ মিলিয়ন পাউন্ড ব্যয় হয়েছে, যা ত্রৈমাসিকের শেষ দিকে ঘোষণা করা হয়।
কোম্পানিটি জানিয়েছে, বেশিরভাগ কর্মী ছাঁটাই স্বেচ্ছা অবসরের মাধ্যমে করা হবে। ইতিমধ্যে ৩ হাজার কর্মী ছাড়ার বিষয়টি নিশ্চিত হয়েছে এবং তাদের বেশিরভাগই চলতি নভেম্বরের শেষ নাগাদ প্রতিষ্ঠান ছাড়বেন।
জাগুয়ার ল্যান্ড রোভার আরও জানিয়েছে, পুনর্গঠন খরচ বাদ দিলে তাদের পরিচালন কার্যক্রমে সামান্য লাভ হয়েছে। তবে চীন ও মধ্যপ্রাচ্যে বিক্রি কমে যাওয়ায় আর্থিক ফলাফল নেতিবাচক হয়েছে।
ইউরোপের গাড়ি নির্মাতারা বর্তমানে চীনা কোম্পানিগুলোর তীব্র প্রতিযোগিতার মুখে পড়েছে। পাশাপাশি তারা বৈদ্যুতিক গাড়ি উৎপাদন ও কম নির্গমন প্রযুক্তিতে বিনিয়োগ বাড়াচ্ছে।
এই পরিস্থিতিতে জাগুয়ার ল্যান্ড রোভার-এর প্রধান নির্বাহী পি বি বলাজি ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নকে আরও ঘনিষ্ঠ সহযোগিতার আহ্বান জানিয়েছেন এবং নতুন বাণিজ্য বাধা এড়াতে বলেছেন। তিনি সতর্ক করেছেন, চীনা গাড়ি নির্মাতাদের বাড়তি প্রতিযোগিতার মুখে ইউরোপীয় বৈদ্যুতিক গাড়ি শিল্পকে টিকিয়ে রাখতে একযোগে কাজ করা জরুরি।
বলাজি বলেন, 'এখনই সময় বৈদ্যুতিক গাড়ি শিল্পের পুরো কাঠামোকে আরও শক্তিশালী করার।' তিনি দুই পক্ষের সহযোগিতার গুরুত্ব তুলে ধরে বলেন, এতে কোম্পানিগুলো তাদের বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়নের জন্য যথেষ্ট সময় পাবে।
গাড়ি নির্মাতারা ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের ওপর চাপ বাড়াচ্ছে, যাতে আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া উৎপত্তি বিধির বাস্তবায়ন পিছিয়ে দেওয়া হয়। এই বিধি অনুযায়ী, ব্যাটারির উপাদান উৎপত্তি সংক্রান্ত শর্ত পূরণ না হলে বৈদ্যুতিক গাড়ির ওপর ১০% শুল্ক আরোপ হতে পারে, বিশেষত এশিয়া থেকে আমদানিকৃত ব্যাটারির ক্ষেত্রে।
এছাড়া, ইউরোপীয় ইউনিয়ন 'ইউরোপে তৈরি' নীতিমালা চালুর বিষয়টি বিবেচনা করছে, যার ফলে ব্রিটেনে তৈরি গাড়ি এই খাতের জন্য নির্ধারিত ভর্তুকি ও সহায়তা থেকে বাদ পড়তে পারে।
জাগুয়ার ল্যান্ড রোভার বর্তমানে ভারতের টাটা গ্রুপের মালিকানাধীন। কোম্পানিটি এক সময় চীনা বাজারে প্রবৃদ্ধির আশা করেছিল, তবে ২০১৯ সালে চীনা কোম্পানিগুলোর প্রতিযোগিতা বাড়ায় এবং নতুন কোম্পানির উত্থানে কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ বাতিল করে। এতে বাজারে উৎপাদন সক্ষমতা বাড়তি হয়ে যায়।
এখন কোম্পানিটি যুক্তরাষ্ট্রে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চায়। এ জন্য তারা 'স্টেলান্টিস'—যারা 'ক্রাইসলার'-এর মালিক—এর সঙ্গে আলোচনা করছে, যাতে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে ল্যান্ড রোভার গাড়ি উৎপাদন করা যায়।
