বিশ্বের অন্যতম বড় ও দ্রুতবর্ধনশীল বাজার সৌদি আরব
সৌদি বিনিয়োগমন্ত্রী ফাহাদ আল সাইফ বলেছেন, সৌদি আরব বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও দ্রুতবর্ধনশীল বাজার, যেখানে শত শত কোম্পানি বিনিয়োগ করছে।
মূল বিষয়
AIসৌদি বিনিয়োগমন্ত্রী ফাহাদ বিন আবদুলজিল আল সাইফ বলেছেন, সৌদি আরব বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও দ্রুতবর্ধনশীল বাজার, যেখানে শত শত কোম্পানি বিনিয়োগে আগ্রহী হয়েছে। তিনি জানান, সৌদি অর্থনীতির দৃঢ়তা বৈশ্বিক কোম্পানিগুলোর জন্য স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করছে।
প্যারিসে অনুষ্ঠিত সৌদি-ফরাসি বিনিয়োগ গোলটেবিল বৈঠকে মন্ত্রী আরও বলেন, সৌদি আরবে বিনিয়োগের জন্য বেশ কিছু সম্ভাবনাময় ও স্থিতিশীল খাত রয়েছে। তিনি জানান, সৌদি অর্থনীতি এখন ফরাসি কোম্পানিগুলোর জন্য বড় সুযোগ তৈরি করছে।
আল সাইফ বলেন, সৌদি আরবের শেয়ারবাজার বিশ্বের অন্যতম দ্রুত সম্প্রসারিত বাজার। তিনি জোর দিয়ে বলেন, সৌদি বাজার বিশ্বের সব দেশের বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত।
তিনি জানান, ফ্রান্স সৌদি আরবের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার এবং সৌদি আরবে সরাসরি বৈদেশিক বিনিয়োগের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে।
মন্ত্রী আরও জানান, গত বছর ফরাসি বিনিয়োগকারীরা সৌদি বাজারে কয়েক মিলিয়ন ইউরো বিনিয়োগ করেছে, ফলে ফ্রান্স সৌদি আরবে চতুর্থ বৃহত্তম বিনিয়োগকারী দেশে পরিণত হয়েছে।
বিনিয়োগমন্ত্রী আরও বলেন, সৌদি আরব ও ফ্রান্সের সম্পর্ক জোরদারের ফলে তেল ও গ্যাস খাত সবচেয়ে বেশি লাভবান হবে, কারণ সৌদি আরব ফরাসি কোম্পানিগুলোর জন্য ব্যাপক বিনিয়োগের সুযোগ তৈরি করছে।
