গ্রীষ্মে পশুদের জন্য সতর্কতা, সুরক্ষার নির্দেশ পরিবেশ মন্ত্রণালয়ের
গ্রীষ্মে তীব্র গরমে পশুদের সুরক্ষায় সতর্কতা জারি করেছে সৌদি পরিবেশ মন্ত্রণালয়, যথাযথ আশ্রয় ও যত্নের ওপর গুরুত্ব দিয়েছে তারা।
মূল বিষয়
AIগ্রীষ্মে তীব্র গরমের প্রভাব থেকে পশুদের রক্ষায় প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পশুপালক ও দেখভালের দায়িত্বে থাকা ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলেছে, পশুদের মৌলিক চাহিদা পূরণ, উপযুক্ত আশ্রয়স্থল নিশ্চিত করা এবং নিয়মিত পশু চিকিৎসা সেবার ব্যবস্থা করতে হবে, যাতে গরমের কারণে স্বাস্থ্যঝুঁকি কমানো যায়।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, পশুদের জন্য সবসময় খাবার ও পানি সরবরাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি, খামার ও আশ্রয়স্থল এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে পশুরা চরম আবহাওয়া থেকে নিরাপদ থাকে। বিশেষ করে প্রচণ্ড গরমের সময় পশুদের সরাসরি রোদ থেকে দূরে রাখতে হবে।
এছাড়া, পশুদের অবস্থা অন্তত দিনে একবার পর্যবেক্ষণ এবং তাদের স্বাস্থ্য নিয়মিত বিশেষজ্ঞ পশু চিকিৎসকের মাধ্যমে পরীক্ষা করার ওপর গুরুত্ব দিয়েছে মন্ত্রণালয়। রোগ প্রতিরোধ ও সংক্রমণ ঠেকাতে টিকা ও সুরক্ষা ব্যবস্থা মানার কথাও বলা হয়েছে।
পশুপালকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, পশু কল্যাণের ন্যূনতম মান ও শর্তাবলি মেনে চলতে এবং তীব্র গরমে তাদের যেন কোনো ক্ষতি না হয়, সে জন্য সব ধরনের সতর্কতা নিতে। এ বিষয়ে উপসাগরীয় সহযোগিতা পরিষদের পশু কল্যাণবিষয়ক নীতিমালা অনুসরণের কথাও বলা হয়েছে।
পরিবেশ মন্ত্রণালয় আরও বলেছে, পশুদের প্রতি সদয় আচরণ ধর্মীয় ও নৈতিক দায়িত্ব, যা পশুসম্পদের স্বাস্থ্য রক্ষা ও উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে গ্রীষ্মের গরমে পশুদের সুরক্ষা নিশ্চিত ও ঝুঁকি কমানো সম্ভব হবে।
