মক্কা চুক্তি সৌদি আরবের ধর্মীয় মর্যাদা ও ভ্রাতৃত্বের প্রতীক
মসজিদুল হারাম ও মসজিদে নববির ধর্মীয় বিষয়ক প্রধান শেখ আবদুর রহমান আস-সুদাইস বলেছেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে মক্কা চুক্তি দেশের ধর্মীয় নেতৃত্ব ও ভ্রাতৃত্বের মূল্যবোধকে তুলে ধরে।
মূল বিষয়
AIমসজিদুল হারাম ও মসজিদে নববির ধর্মীয় বিষয়ক প্রধান শেখ অধ্যাপক ড. আবদুর রহমান বিন আবদুল আজিজ আস-সুদাইস বলেছেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে মক্কা চুক্তি সৌদি আরবের ধর্মীয় মর্যাদা, সভ্যতা ও বৈশ্বিক নেতৃত্বের প্রতিফলন। তিনি বলেন, বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি আরব নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং মুসলিম ভ্রাতৃত্ব, সহযোগিতা ও সংহতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ধর্মীয় বিষয়ক দপ্তরের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত বিবৃতিতে আস-সুদাইস জানান, মক্কা নগরীতে এই চুক্তি স্বাক্ষরের গভীর তাৎপর্য রয়েছে। কারণ মক্কা ওহির স্থান, মুসলিমদের কিবলা ও হৃদয়ের কেন্দ্র। এখান থেকেই ইসলামের বার্তা ছড়িয়ে পড়ে, যা ঐক্য, হৃদ্যতা ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। তিনি কোরআনের উদ্ধৃতি দেন: “বিশ্বাসীরা পরস্পরের ভাই” এবং “সৎকাজ ও তাকওয়ায় একে অপরকে সহযোগিতা করো।”
ড. আস-সুদাইস আরও বলেন, তিন দেশের এই চুক্তি ধর্মীয় উদ্দেশ্য, নিরাপত্তা ও জাতীয় স্বার্থের সমন্বয় ঘটিয়েছে। তিনি বলেন, ঐক্য, সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টা নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার মূল ভিত্তি এবং যৌথ স্বার্থ সংরক্ষণে অপরিহার্য। তিনি হাদিস উদ্ধৃত করেন: “একজন মুমিন অপর মুমিনের জন্য দেয়ালের মতো, একে অপরকে শক্তি জোগায়।” আরেকটি হাদিসে আছে: “বিশ্বাসীদের পারস্পরিক ভালোবাসা, দয়া ও সহানুভূতির দৃষ্টান্ত একটি দেহের মতো; দেহের একটি অংশ কষ্ট পেলে পুরো দেহই অসুস্থ হয়ে পড়ে।”
তিনি বলেন, নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা জোরদারে চুক্তির যে বার্তা রয়েছে, তা সৌদি আরবের ইসলামের সেবা ও মুসলিমদের কল্যাণে দৃঢ় অঙ্গীকারেরই প্রতিফলন। একই সঙ্গে, ভ্রাতৃত্ব, সংহতি ও সহযোগিতার মূল্যবোধ প্রতিষ্ঠায় সৌদি আরবের নেতৃত্ব ও আঞ্চলিক-আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় ভূমিকা স্পষ্টভাবে ফুটে উঠেছে।
মসজিদুল হারাম ও মসজিদে নববির ধর্মীয় বিষয়ক প্রধান আল্লাহর কাছে দোয়া করেন, তিনি যেন সৌদি আরব ও এর নেতৃত্বকে হেফাজত করেন, তিন দেশের নেতাদের দেশের ও জনগণের কল্যাণে সফলতা দান করেন, এই চুক্তিকে বরকতময় করেন এবং ভ্রাতৃত্ব, সহযোগিতা, নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা আরও সুদৃঢ় করেন।
এক্স প্ল্যাটফর্মে টুইটটি দেখুন
