মদিনার ইসলামিক বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের জন্য অনলাইন ভর্তি শুরু
মদিনার ইসলামিক বিশ্ববিদ্যালয় ৭টি বিষয়ে বিদেশি শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় সেমিস্টারে অনলাইন ভর্তি আবেদন গ্রহণ শুরু করেছে।
মূল বিষয়
AIমদিনার ইসলামিক বিশ্ববিদ্যালয় ঘোষণা করেছে, সৌদি আরবে বসবাস করেন না—এমন আন্তর্জাতিক ছাত্রছাত্রীদের জন্য দ্বিতীয় সেমিস্টারে অনলাইনে (দূরশিক্ষণ) ভর্তি আবেদন গ্রহণ শুরু হয়েছে। ১৪৪৮ হিজরি শিক্ষাবর্ষের এই ভর্তি কার্যক্রমের আওতায় শিক্ষার্থীরা নমনীয় শিক্ষাপদ্ধতিতে পড়াশোনা ও একাডেমিক দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।
বিশ্ববিদ্যালয় আজ এক বিবৃতিতে জানিয়েছে, এই প্রোগ্রামের আওতায় কুরআন, হাদিস, আকিদা ও দাওয়াহ, শরিয়া, আরবি ভাষা, অর্থনীতি এবং আইনসহ সাতটি বিষয়ে অনলাইনে কোর্স করার সুযোগ থাকছে। শিক্ষার্থীরা চাইলে একাধিক বিষয়ও বেছে নিতে পারবেন, তবে প্রতিটি কোর্সের নির্ধারিত শর্ত পূরণ করতে হবে।
বিশ্ববিদ্যালয় আরও জানিয়েছে, নির্ধারিত কোর্স সফলভাবে সম্পন্ন করলে শিক্ষার্থীরা স্বীকৃত সনদ পাবেন। চাইলে একাধিক কোর্সের সনদ একত্র করে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ডিগ্রির জন্য আবেদন করা যাবে।
এই প্রোগ্রাম মূলত সৌদি আরবে না থাকা আন্তর্জাতিক ছাত্রছাত্রীদের জন্য, যারা ভর্তি শর্ত পূরণ করেন। পড়াশোনা হবে আরবি ভাষায় এবং নির্ধারিত ফি দিতে হবে। তবে নির্দিষ্ট মানদণ্ড ও নিয়ম অনুযায়ী কিছু শিক্ষার্থী বৃত্তির সুযোগও পেতে পারেন।
বিশ্ববিদ্যালয় জানিয়েছে, আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত। আগ্রহীদের জন্য ভর্তি শর্ত, কোর্সের বিস্তারিত ও আবেদন প্রক্রিয়া এই লিংকে পাওয়া যাবে: https://distancelearning.iu.edu.sa।
