মসজিদুল হারামের ইমামের সতর্কবার্তা: জীবন ও ধর্ম নিয়ে ঝুঁকি নয়
মসজিদুল হারামের ইমাম শেখ ফয়সল বিন জামিল গাজাওয়ি শুক্রবারের খুতবায় মুসলিমদের আল্লাহভীতি ও খারাপ সঙ্গ ত্যাগের আহ্বান জানিয়েছেন।
মূল বিষয়
AIমসজিদুল হারামের ইমাম ও খতিব, শেখ ড. ফয়সল বিন জামিল গাজাওয়ি আজ মক্কার মসজিদুল হারামে শুক্রবারের খুতবায় মুসলিমদের আল্লাহভীতি, তাঁর কাছে তওবা, আন্তরিকতা ও উত্তম ইবাদতের প্রতি আহ্বান জানান।
শেখ গাজাওয়ি বলেন, মানুষ স্বভাবতই নিরাপত্তা চায় এবং বিপদ এড়াতে সচেষ্ট থাকে, সব ক্ষতিকর বিষয় থেকে দূরে থাকতে চায়। তিনি জোর দিয়ে বলেন, একজন মুমিন কখনো নিজের ঈমান, নামাজ বা জীবনকে এমন কিছু অনুসরণ করে ঝুঁকিতে ফেলেন না, যা তার বোধশক্তি নষ্ট বা অকার্যকর করে দেয়।
তিনি বলেন, নিষিদ্ধ ঝুঁকির মধ্যে রয়েছে—আত্মহত্যা, অন্যায়-অবিচার, বিভ্রান্তিকর সন্দেহের মধ্যে জড়ানো, খারাপ ওয়েবসাইটে প্রবেশ, খারাপ সঙ্গীদের সঙ্গে চলাফেরা এবং দুনিয়াবি লাভের জন্য নীতিতে আপস করা।
শেখ গাজাওয়ি আরও বলেন, যার ধর্ম বা চরিত্র গ্রহণযোগ্য নয়, তার সঙ্গে বন্ধুত্ব এড়ানো জরুরি; কারণ সঙ্গীর প্রভাব অনেক। শরিয়তসম্মত উদ্দেশ্য বা বৈধ প্রয়োজনে ছাড়া নিজের জীবন নিয়ে ঝুঁকি নেওয়া উচিত নয়, কারণ এর পরিণতি মারাত্মক হতে পারে।
তিনি ব্যাখ্যা করেন, পরামর্শ গ্রহণ করা সঠিক পথের অন্যতম কারণ। একা সিদ্ধান্ত নিলে মানুষ বিভ্রান্ত হতে পারে। খুতবার শেষে তিনি সতর্ক করেন, সবচেয়ে বড় ঝুঁকি হলো ধর্ম নিয়ে ঝুঁকি নেওয়া—কারণ এটাই মানুষের সবচেয়ে বড় সম্পদ ও মূলধন।
