সৌদি আরবের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিয়ে আপস নয়: পাকিস্তান সেনাবাহিনী
সৌদি আরবের ওপর হামলা হলে ‘মক্কা জোট’ সম্মিলিতভাবে জবাব দেবে বলে জানিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র।
মূল বিষয়
AIপাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, সৌদি আরবের ওপর হামলা হলে ‘মক্কা জোট’ভুক্ত দেশগুলো সম্মিলিতভাবে জবাব দেবে। তিনি আরও জানান, পাকিস্তান এ ক্ষেত্রে সব ধরনের উপায় ব্যবহারের জন্য প্রস্তুত।
‘ইন্ডিপেন্ডেন্ট আরবিয়া’কে দেয়া এক সাক্ষাৎকারে চৌধুরী বলেন, ‘সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং দুই পবিত্র মসজিদের নিরাপত্তা—এসব বিষয়ে কোনো আপস বা দরকষাকষির সুযোগ নেই।’
তিনি আরও বলেন, ‘আমরা যখন এসব কথা বলি, তখন এর অর্থ হচ্ছে, এসব লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা ইতিমধ্যেই দেয়া হচ্ছে এবং ভবিষ্যতেও দেয়া হবে।’ তিনি জানান, অপারেশনাল গোপনীয়তার কারণে বিস্তারিত জানানো সম্ভব নয়।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সরাসরি সামরিক সহায়তা দেয়ার সম্ভাবনা নিয়ে জানতে চাইলে চৌধুরী বলেন, ইসলামাবাদ এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক অনুরোধ পেয়েছে কি না, তা তিনি জানেন না। তবে কোনো অনুরোধ এলে পাকিস্তান তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং যথাযথ সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।
