রিয়াদ ও নাজরানে জরুরি সতর্কতা জারি করেছে সিভিল ডিফেন্স
রিয়াদ ও নাজরানে জরুরি সতর্কতা জারি করেছে সৌদি সিভিল ডিফেন্স। বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার এবং সরকারি নির্দেশনা মানার আহ্বান জানানো হয়েছে।
মূল বিষয়
AIসৌদি সিভিল ডিফেন্সের মহাপরিদপ্তর জানিয়েছে, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রিয়াদ ও নাজরান শহরে জরুরি পরিস্থিতিতে জাতীয় আগাম সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে সতর্কবার্তা জারি করা হয়েছে, যাতে বিপদের ব্যাপারে সবাইকে সতর্ক করা যায়।
সিভিল ডিফেন্স বাসিন্দাদের শান্ত থাকার, সরকারি নির্দেশনা মেনে চলার এবং দ্রুত নিকটস্থ কোনো নিরাপদ ভবন বা জানালাবিহীন ঘরে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে। বিপদ কেটে না যাওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে এবং এই সময়ে বাড়ি বা ভবন থেকে বের না হতে বলা হয়েছে।
এছাড়া, খোলা জায়গা ও কাচের কাছ থেকে দূরে থাকতে, বারান্দা বা ছাদে না দাঁড়াতে, বাইরে থাকলে নিকটস্থ ভবনে ঢুকতে বা শক্ত কোনো দেয়ালের আড়ালে আশ্রয় নিতে বলা হয়েছে। একই সঙ্গে, ভিড় করা, ছবি তোলা এবং ঝুঁকিপূর্ণ স্থানে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।
যারা গাড়ি চালানোর সময় সতর্কবার্তা পাবেন, তাদের সেতু ও উঁচু ভবন থেকে দূরে সড়কের পাশে গাড়ি থামাতে এবং কোনো বিপদ দেখলে রিয়াদে 911 ও নাজরানে 998 নম্বরে জরুরি সেবা কেন্দ্রে ফোন করতে বলা হয়েছে। এছাড়া, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা কেবল সরকারি চ্যানেলের মাধ্যমেই অনুসরণ করতে বলা হয়েছে।
সিভিল ডিফেন্স সতর্ক করেছে, ক্ষেপণাস্ত্র বা ড্রোন প্রতিরোধ এবং পতনের স্থানের ছবি তোলা, প্রকাশ বা শেয়ার করলে আইনি জবাবদিহিতার মুখে পড়তে হবে।
