রিয়াদ-কোচি সরাসরি ফ্লাইট চালু করল ফ্লাইনাস
রিয়াদ ও ভারতের কোচি শহরের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর উৎসব করেছে ফ্লাইনাস। ২ সেপ্টেম্বর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন হয়।
মূল বিষয়
AIবিশ্বের শীর্ষস্থানীয় এবং মধ্যপ্রাচ্যের প্রথম বাজেট এয়ারলাইন্স ফ্লাইনাস রিয়াদ ও ভারতের কোচি শহরের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর উৎসব করেছে। ২ সেপ্টেম্বর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে ফ্লাইনাস ও রিয়াদ এয়ারপোর্ট কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম ফ্লাইটের যাত্রীদের উপহার দিয়ে স্বাগত জানানো হয়। নতুন এই সেবা চালুর মাধ্যমে ফ্লাইনাস রিয়াদ-কোচি রুটে সপ্তাহে তিনটি সরাসরি ফ্লাইট পরিচালনা করবে, যা যাত্রীদের ভ্রমণের সুযোগ বাড়াবে এবং সৌদি আরব ও ভারতের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার করবে।
দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের গুরুত্বপূর্ণ উপকূলীয় ও বাণিজ্যিক শহর কোচিতে সরাসরি ফ্লাইট চালু ফ্লাইনাসের ভারতীয় বাজারে সম্প্রসারণ এবং আন্তর্জাতিক রুট বাড়ানোর অংশ। এতে দুই দেশের মধ্যে ভ্রমণ, পর্যটন ও অর্থনৈতিক বিনিময় আরও বাড়বে।
রিয়াদ-কোচি রুট যুক্ত হওয়ায় এখন ফ্লাইনাস সৌদি আরব ও ভারতের মধ্যে মোট ৩৯টি সাপ্তাহিক ফ্লাইট পরিচালনা করছে। রিয়াদ থেকে দিল্লি, লখনউ, হায়দরাবাদ, কালিকট, মুম্বাই ও কোচি—এই ছয়টি শহরে ফ্লাইট ছাড়াও দাম্মাম-লখনউ রুটে সাপ্তাহিক সরাসরি ফ্লাইট চালু রয়েছে।
রিয়াদ-কোচি সরাসরি ফ্লাইট চালু ফ্লাইনাসের ‘বিশ্বকে সৌদি আরবের সঙ্গে যুক্ত করি’ স্লোগানে ঘোষিত কৌশলগত সম্প্রসারণ পরিকল্পনার অংশ। এটি জাতীয় বেসামরিক বিমান চলাচল কৌশলের লক্ষ্য পূরণে সহায়ক, যার আওতায় ২০৩০ সালের মধ্যে সৌদি আরবকে ২৫০টি আন্তর্জাতিক গন্তব্যের সঙ্গে যুক্ত করা, বছরে ৩৩০ মিলিয়ন যাত্রী পরিবহন এবং ১৫০ মিলিয়ন পর্যটক স্বাগত জানানোর লক্ষ্য রয়েছে। এছাড়া, হজ ও ওমরাহ যাত্রীদের জন্য দুই পবিত্র মসজিদে সহজে পৌঁছানোর সুযোগও বাড়বে।
মধ্যপ্রাচ্যের প্রথম এবং বিশ্বের অন্যতম শীর্ষ বাজেট এয়ারলাইন্স ফ্লাইনাস সৌদি আরবের প্রধান শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রথম এয়ারলাইন্স। বর্তমানে তারা ৩৮টি দেশের ৮০টির বেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্যে ১৫৬টি রুটে প্রতি সপ্তাহে ২,০০০টির বেশি ফ্লাইট পরিচালনা করছে। ২০০৭ সালে যাত্রা শুরুর পর থেকে ১১ কোটি যাত্রী পরিবহন করেছে প্রতিষ্ঠানটি। তাদের লক্ষ্য ১৬৫টি গন্তব্যে ফ্লাইট সম্প্রসারণ, যা সৌদি ভিশন ২০৩০-এর লক্ষ্য পূরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
সব ধরনের বুকিং চ্যানেলের মাধ্যমে ফ্লাইটের টিকিট কেনা যাবে—ফ্লাইনাসের ওয়েবসাইট www.flynas.com, মোবাইল অ্যাপ, সপ্তাহের সাত দিন খোলা কল সেন্টার (৯২০০০১২৩৪) এবং ট্রাভেল এজেন্টদের মাধ্যমে।

