সৌদি আরবের তেল স্থাপনায় হামলার নিন্দা জানাল জর্ডান
সৌদি আরবের পূর্বাঞ্চল ও রিয়াদে তেল স্থাপনায় ড্রোন হামলার নিন্দা জানিয়েছে জর্ডান এবং দেশটির পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
মূল বিষয়
AIসৌদি আরবের পূর্বাঞ্চল ও রিয়াদে তেল স্থাপনায় হামলার নিন্দা জানিয়েছে জর্ডান।
জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইরাক থেকে ছোড়া ড্রোনের মাধ্যমে পূর্বাঞ্চল ও রিয়াদে তেল স্থাপনায় হামলার চেষ্টা সৌদি আরবের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন, দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, সৌদি আরবের সার্বভৌমত্ব, নিরাপত্তা, সম্পদ এবং দেশটির নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষায় সৌদি আরব যেসব পদক্ষেপ নেবে, জর্ডান তার পূর্ণ সমর্থন জানায়।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানিয়েছেন, গত কয়েক ঘণ্টায় সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী পূর্বাঞ্চল ও রিয়াদে তেল স্থাপনায় হামলার চেষ্টা করা বেশ কয়েকটি ড্রোন ধ্বংস করেছে।
তিনি আরও জানান, এসব সন্ত্রাসী হামলা ইরাক থেকে পরিচালিত হয়েছে এবং ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো এতে জড়িত। সৌদি আরবের আত্মরক্ষার অধিকার এবং উপযুক্ত সময় ও স্থানে জবাব দেওয়ার অধিকার রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এছাড়া, সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ও ইরাকভিত্তিক ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে। তারা হামলার উৎসের বিরুদ্ধে জবাব দেওয়ার অধিকারও পুনরায় উল্লেখ করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আবারও জোর দিয়ে বলেছে, ইরাক সরকার যেন তাদের ভূখণ্ড থেকে এ ধরনের হামলা প্রতিরোধে সব ধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করে।
