মক্কা ও মদিনায় হুথিদের হামলা মুসলিমদের প্রতি শত্রুতা: সুদাইস
মসজিদুল হারাম ও মসজিদে নববির প্রধান ধর্মীয় কর্মকর্তা শাইখ আবদুর রহমান আস-সুদাইস মক্কা ও মদিনায় হুথি হামলার নিন্দা জানিয়েছেন।
মূল বিষয়
AIমসজিদুল হারাম ও মসজিদে নববির প্রধান ধর্মীয় কর্মকর্তা, মসজিদুল হারামের ইমাম ও খতিব শাইখ ড. আবদুর রহমান বিন আবদুল আজিজ আস-সুদাইস মক্কা ও মদিনায় হুথি সন্ত্রাসী মিলিশিয়ার অব্যাহত হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এসব অপরাধমূলক কর্মকাণ্ড পবিত্র নগরী মক্কা ও রাসুলুল্লাহ (সা.)-এর শহরের মর্যাদার ওপর প্রকাশ্য আক্রমণ, ইসলামী শরিয়তের শিক্ষা লঙ্ঘন এবং পবিত্র স্থানসমূহের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার বাধ্যবাধকতা উপেক্ষা করা।
তিনি আরও বলেন, মক্কা ও মদিনায় বারবার হামলা চালানো হুথি সন্ত্রাসীদের অপরাধপ্রবণতা ও মুসলিমদের এবং তাদের পবিত্র স্থানসমূহের প্রতি তাদের কুটিল মনোভাব প্রকাশ করে। এতে স্পষ্ট হয়, তারা মুসলিমদের হৃদয়ে দুই হারামের মর্যাদা ও পবিত্রতাকে অবজ্ঞা করছে। আস-সুদাইস জোর দিয়ে বলেন, এসব হামলা ইসলামের মৌলিক নীতিমালা ও উদার মূল্যবোধের পরিপন্থী এবং ধর্ম বা বিবেকবোধের তোয়াক্কা না করে পবিত্রতার লঙ্ঘন।
তিনি বলেন, পবিত্র স্থান, বেসামরিক মানুষ ও স্থাপনা লক্ষ্য করে হামলা করা শরিয়তসম্মতভাবে নিষিদ্ধ, মানবিকভাবে নিন্দনীয় এবং আন্তর্জাতিক চুক্তি ও রীতিনীতির পরিপন্থী। তিনি আরও বলেন, এসব হামলা আল্লাহর ইচ্ছায় সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতায় কোনো প্রভাব ফেলবে না, বরং দেশের নেতৃত্ব ও জনগণকে পবিত্র স্থানসমূহ রক্ষা ও দুই হারামের নিরাপত্তা নিশ্চিত করতে আরও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ করবে।
তিনি সৌদি নেতৃত্বের (আল্লাহ তাদের সহায় হোন) হারামাইন শরীফাইন রক্ষায় এবং মুসলিমদের পবিত্র স্থানসমূহের সুরক্ষায় নেওয়া উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, দুই হারামের নিরাপত্তা সৌদি আরবের জন্য অতিক্রম-অযোগ্য সীমা এবং দেশটি হারামাইন ও ইসলামী পবিত্র স্থানসমূহের সেবায় তাদের দায়িত্ব পালন অব্যাহত রাখবে।
তিনি আল্লাহর কাছে দোয়া করেন, যেন তিনি সৌদি আরব, এর নেতৃত্ব ও জনগণকে হেফাজত করেন, দুই হারামে নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা অব্যাহত রাখেন, হজযাত্রীদের সব বিপদ থেকে রক্ষা করেন এবং আক্রমণকারীদের ষড়যন্ত্র ব্যর্থ করে দেন।
