সৌদি কাস্টমস পয়েন্টে এক সপ্তাহে ১,০৭৩ নিষিদ্ধ দ্রব্য জব্দ
সৌদি আরবের স্থল, নৌ ও আকাশপথের কাস্টমস পয়েন্টে এক সপ্তাহে ১,০৭৩টি নিষিদ্ধ দ্রব্য জব্দ হয়েছে বলে জানিয়েছে জাকাত, ট্যাক্স ও কাস্টমস কর্তৃপক্ষ।
মূল বিষয়
AIসৌদি আরবের স্থল, নৌ ও আকাশপথের কাস্টমস পয়েন্টে এক সপ্তাহে ১,০৭৩টি নিষিদ্ধ দ্রব্য জব্দ হয়েছে বলে জানিয়েছে জাকাত, ট্যাক্স ও কাস্টমস কর্তৃপক্ষ (জাতকা)। নিরাপত্তা জোরদার ও সমাজকে বিভিন্ন ধরনের নিষিদ্ধ দ্রব্য থেকে সুরক্ষার অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।
জব্দকৃত দ্রব্যের মধ্যে ৭০ ধরনের মাদক ছিল, যার মধ্যে রয়েছে গাঁজা, কোকেন, হেরোইন, আইস, ক্যাপ্টাগন ট্যাবলেটসহ অন্যান্য মাদক। এছাড়া ২১৬ ধরনের নিষিদ্ধ সামগ্রীও জব্দ করা হয়েছে।
এছাড়া কাস্টমস পয়েন্টগুলোতে ৮৮৮টি তামাক ও তামাকজাত দ্রব্য, ১৩ ধরনের নগদ অর্থ এবং একটি অস্ত্র ও এর সরঞ্জাম জব্দ করা হয়েছে।
জাতকা জানিয়েছে, দেশের আমদানি-রপ্তানিতে কাস্টমস নিয়ন্ত্রণ আরও জোরদার করা হবে, যাতে সমাজের নিরাপত্তা নিশ্চিত করা যায়। এ জন্য সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় ও সহযোগিতা অব্যাহত থাকবে।
একই সঙ্গে, জাতকা সবাইকে অনুরোধ করেছে, সমাজ ও জাতীয় অর্থনীতিকে সুরক্ষার জন্য চোরাচালান প্রতিরোধে সহযোগিতা করতে। এ জন্য নিরাপত্তা সংক্রান্ত অভিযোগ জানাতে ১৯১০ নম্বরে ফোন, [email protected] ইমেইল বা আন্তর্জাতিক নম্বর 009661910-এ যোগাযোগের আহ্বান জানানো হয়েছে। এসব চ্যানেলে গোপনীয়তার সঙ্গে চোরাচালান ও কাস্টমস আইনের লঙ্ঘনের অভিযোগ গ্রহণ করা হয় এবং তথ্য সঠিক হলে অভিযোগকারীর জন্য পুরস্কারের ব্যবস্থাও রয়েছে।
