কফি ও চকলেটের তিন পণ্যে নিষিদ্ধ উপাদান, সতর্কতা জারি
তিনটি কফি ও চকলেট পণ্যে নিষিদ্ধ উপাদান শনাক্ত করেছে সৌদি খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ। এগুলো না খাওয়ার এবং দ্রুত ফেলে দেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
মূল বিষয়
AIতিনটি খাদ্যপণ্যে নিষিদ্ধ উপাদান (নরটাডালাফিল) পাওয়ার পর সেগুলো না খাওয়ার জন্য সতর্ক করেছে সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানিয়েছে, এসব পণ্যের মধ্যে রয়েছে বারসা কাফে ব্র্যান্ডের জিনসেংযুক্ত কফি, বারসা চোকো ব্র্যান্ডের জিনসেংযুক্ত ডার্ক চকলেট এবং বেন্টান স্কাই ব্র্যান্ডের জিনসেংযুক্ত কফি। সব ধরনের ব্যাচেই এই উপাদান পাওয়া গেছে। পণ্যগুলো ১০০ গ্রাম ওজনের প্যাকেটে, স্যাশে আকারে বিক্রি হয়।

খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ বলেছে, এসব পণ্য একেবারেই গ্রহণযোগ্য নয় এবং দ্রুত ফেলে দিতে হবে। বিশেষ করে যাঁরা দীর্ঘমেয়াদি রোগে ভুগছেন, তাঁদের জন্য এগুলো স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বাজার থেকে এসব পণ্য তুলে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বাজারে থাকা খাদ্যপণ্যের নিরাপত্তা নিশ্চিত করতে তারা নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রাখবে।
অবৈধ পণ্যে কঠোর ব্যবস্থা
কর্তৃপক্ষ জানিয়েছে, নাগরিক ও প্রবাসীদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলবে—এমন কোনো অপরাধের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। খাদ্য আইন ও বিধিমালা লঙ্ঘনের শাস্তি হিসেবে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড, ১ কোটি রিয়াল (সৌদি রিয়াল) পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।
এছাড়া, খাদ্যপণ্যের যেকোনো অনিয়ম বা অভিযোগ জানাতে ভোক্তাদের ১৯৯৯৯ নম্বরে যোগাযোগের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ, যাতে বাজারে নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ আরও জোরদার করা যায়।
