নজরানে ১৮ লাখ বছরের প্রাচীন মানব বসতির সন্ধান
নজরানের শাব দাহদা প্রত্নস্থলে ১২ থেকে ১৮ লাখ বছরের পুরোনো পাথরের সরঞ্জাম পাওয়া গেছে, যা দক্ষিণ আরবে মানব বসতির অন্যতম প্রাচীন প্রমাণ।
মূল বিষয়
AIসৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নজরান অঞ্চলের 'শাব দাহদা' প্রত্নস্থলকে ঘিরে মানব বসতির শুরুর দিকের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে আলোকপাত করেছে সৌদি হেরিটেজ কমিশন। এখানে পাওয়া গেছে ১২ থেকে ১৮ লাখ বছর আগের পাথরের সরঞ্জাম।
১৯৮০ সালে (১৪০০ হিজরি) বিস্তৃত প্রত্নতাত্ত্বিক জরিপের সময় শাব দাহদা সাইটে এসব সরঞ্জাম আবিষ্কৃত হয়। এগুলো নজরান উপত্যকার পাশে একটি কঙ্কর-ঢালা স্তরে পাওয়া যায়। মাটির প্রাকৃতিক ক্ষয়ের ফলে বেরিয়ে আসে প্রাচীন বসতির স্তর, যেখান থেকে প্রাথমিক যুগের ৩৪টি পাথরের সরঞ্জামের নমুনা সংগ্রহ করা হয়েছে।
গবেষণায় দেখা গেছে, এসব সরঞ্জাম 'ওল্ডোয়ান' নামে পরিচিত প্রাচীনতম পাথর শিল্পের ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত। সেসময়কার মানুষ স্থানীয়ভাবে পাওয়া 'কোয়ার্টজাইট' পাথর ব্যবহার করে ধারালো সরঞ্জাম তৈরি করত, যা মাংস কাটা, হাড় ভাঙা ও চামড়া ছাড়ানোর মতো নানা কাজে ব্যবহৃত হতো।
প্রাচীন মানব বসতির প্রমাণ
জরিপ ও নথিভুক্তির ফলাফলে দেখা যায়, আবিষ্কৃত সরঞ্জামের মধ্যে রয়েছে নদীর কঙ্কর দিয়ে তৈরি কাটার, বহু-পৃষ্ঠবিশিষ্ট সরঞ্জাম, স্ক্র্যাপার ও পাথরের গুঁড়ি ভেঙে পাওয়া টুকরো। কিছু সরঞ্জামে 'প্রাচীনত্বের স্তর' দেখা গেছে, যা দীর্ঘ সময় ধরে পড়ে থাকার প্রমাণ এবং প্রত্নস্থলের প্রেক্ষাপট নির্ধারণে সহায়ক।
হেরিটেজ কমিশনের প্রত্নতত্ত্ব বিভাগের মহাপরিচালক ড. আজব আল আতাইবি জানান, কমিশন প্রত্নস্থলগুলোর তালিকা, নথিভুক্তি ও গবেষণার কাজ অব্যাহত রেখেছে। তিনি বলেন, 'শাব দাহদা'র গুরুত্ব অনেক, কারণ এটি মানব বসতির ধারাবাহিকতা ও বৈজ্ঞানিক মূল্য নির্ধারণে সহায়ক এবং এসব নিদর্শন সংরক্ষণ ও গবেষণা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রাকৃতিক পরিবেশ ও মানব বসতি
শাব দাহদা নজরান উপত্যকার পূর্ব সেরোয়াত পর্বতের ঢালে অবস্থিত। অতীতে এখানে পানি, পাথর, উদ্ভিদ ও প্রাণীর প্রাচুর্য ছিল, যা প্রাচীন মানুষের জন্য উপযোগী পরিবেশ তৈরি করেছিল। জলবায়ু গবেষণায় দেখা যায়, প্লাইস্টোসিন যুগে আরব উপদ্বীপে বৃষ্টিপাত বেশি ছিল, তখন উপত্যকাগুলো আরও সজীব ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ ছিল।
নজরান প্রত্নতত্ত্ব ও ইতিহাস সমিতির প্রধান মোহাম্মদ আল হতাইলা বলেন, সাম্প্রতিক আবিষ্কারগুলো আরব উপদ্বীপে প্রাচীন মানব বসতির ব্যতিক্রমী প্রমাণ। এখানে পাওয়া 'প্রাথমিক ওল্ডোয়ান' যুগের সম্পূর্ণ পাথরের সরঞ্জাম মানুষের উদ্ভাবনী শক্তি ও স্থানীয় সম্পদ ব্যবহারের দক্ষতার পরিচয় দেয়।
আবিষ্কৃত সরঞ্জামের মধ্যে রয়েছে বড় কাটার, স্ক্র্যাপার, সূক্ষ্ম ব্লেড, হাতুড়ি ও বহু-উদ্দেশ্য সরঞ্জাম, যা নজরানের প্রাচীন সমাজের জীবনযাত্রার প্রতিফলন এবং অঞ্চলটিকে বিশ্বের অন্যতম প্রাচীন মানব বসতির কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করে।
হেরিটেজ কমিশন সৌদি আরবের প্রত্নস্থল সংরক্ষণ ও গবেষণার কাজ অব্যাহত রেখেছে, যাতে দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক গভীরতা সম্পর্কে জ্ঞান বাড়ে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এসব নিদর্শন সংরক্ষিত থাকে।
