সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে কয়েক দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আশঙ্কায় সতর্ক থাকতে বলেছে বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।
মূল বিষয়
AIবেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর সতর্কতা জারি করে সবাইকে নিরাপদ স্থানে থাকার এবং স্রোতস্বিনী ও উপত্যকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে এসব স্থানে সাঁতার না দেওয়ার পরামর্শও দিয়েছে সংস্থাটি। শুক্রবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত সৌদি আরবের কিছু অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাসের কারণে এই সতর্কতা জারি করা হয়েছে।
প্রতিরক্ষা অধিদপ্তর জানিয়েছে, মক্কা অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, যা বন্যা ও শিলাবৃষ্টির কারণ হতে পারে। এ ছাড়া, দমকা হাওয়ায় ধুলাবালি ছড়িয়ে পড়তে পারে। এই পরিস্থিতির মধ্যে রয়েছে তায়েফ, মাইসান, আজম, আল-আরদিয়াত। অন্যদিকে, তুরবা, আল-মুওয়াইহ, আল-খুরমা, রানিয়া, আল-লাইথ ও আল-কুনফুদাহতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
একইভাবে, রিয়াদ অঞ্চলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, যা বন্যা ও শিলাবৃষ্টির কারণ হতে পারে। দমকা হাওয়ায় ধুলাবালিও ছড়িয়ে পড়তে পারে। এই পরিস্থিতির মধ্যে রয়েছে আস-সুলাইল ও ওয়াদি আদ-দাওয়াসির।
এ ছাড়া, জাজান, আসির, আল-বাাহা ও নাজরান অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মদিনা ও পূর্বাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
সবশেষে, অধিদপ্তর সবাইকে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে, যাতে সবার নিরাপত্তা নিশ্চিত হয়।
