বাড়িতে তিন রঙের ঝুড়িতে আবর্জনা আলাদা করার নিয়ম চালু
সৌদি আরবে এখন থেকে বাড়িগুলোকে তিনটি নির্দিষ্ট রঙের ঝুড়িতে আবর্জনা আলাদা করে ফেলতে হবে, পরিবেশ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা অনুযায়ী।
মূল বিষয়
AIসৌদি আরবে এখন থেকে বাড়িগুলোকে তিনটি নির্দিষ্ট রঙের ঝুড়িতে আবর্জনা আলাদা করে ফেলতে হবে। পরিবেশ, পানি ও কৃষিমন্ত্রী এবং জাতীয় বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী আবদুর রহমান বিন আবদুলমোহসেন আল-ফাদলি বর্জ্য পৃথকীকরণের নতুন নিয়ম ও কারিগরি নির্দেশনা অনুমোদন করেছেন। সোমবার সরকারি গেজেট 'উম আল-কুরা'য় প্রকাশিত এই নিয়মাবলি প্রকাশের দিন থেকেই কার্যকর হবে।
নতুন নিয়মে চার ধরনের বর্জ্য অন্তর্ভুক্ত হয়েছে: পৌরসভা বর্জ্য, কৃষি বর্জ্য, শিল্প বর্জ্য এবং বিশেষ বর্জ্য।
বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে তিন রঙের ঝুড়ি
নিয়ম অনুযায়ী, বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংস্থাকে তাদের পৌরসভা বর্জ্য তিনটি নির্দিষ্ট রঙের ঝুড়িতে ফেলতে হবে: নীল ঝুড়িতে পুনর্ব্যবহারযোগ্য শুকনো বর্জ্য (কাগজ, কার্টন, প্লাস্টিক, ধাতু), সবুজ ঝুড়িতে জৈব বর্জ্য (খাবারের উচ্ছিষ্ট ও সবুজ বর্জ্য), আর কালো ঝুড়িতে অন্যান্য মিশ্র বর্জ্য। একই রঙের আবর্জনার ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক, যার আকার ১২০ লিটারের বেশি হবে না।
নিয়মে বলা হয়েছে, জৈব ও মিশ্র বর্জ্য প্রতিদিন সংগ্রহ করতে হবে, আর পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য অন্তত সপ্তাহে একবার, তবে দুই দিন পরপর সংগ্রহ করাই উত্তম। বাড়ি থেকে যৌথ সংগ্রহস্থল পর্যন্ত দূরত্ব ৫০ মিটারের বেশি হওয়া যাবে না, তবে কিছু বাণিজ্যিক সড়কে ১০০ মিটার পর্যন্ত বাড়ানো যাবে।
আবর্জনা ফেলার আগে কৌটা ধুয়ে ফেলা, কার্টন চেপে ছোট করা, ব্যাটারি ও বিপজ্জনক পদার্থ সাধারণ বর্জ্যের সঙ্গে না মেশানো এবং ইলেকট্রনিক যন্ত্র, আসবাব, কাপড় ও কাচ নির্দিষ্ট সংগ্রহকেন্দ্রে নিয়ে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
বর্জ্য সংগ্রহকারীরা চুক্তি অনুযায়ী বাড়িগুলোতে ঝুড়ি ও ব্যাগ সরবরাহ করবে।
নতুন ভবন
নতুন ভবন নির্মাতাদের জন্য ঝুড়ি সংরক্ষণের জায়গা নির্ধারণ, ভবনের নকশায় পৃথকীকরণের ব্যবস্থা রাখা এবং বহুতল ভবনে তিনটি পৃথক চ্যানেলসহ বর্জ্য ফেলার স্লাইড বসানো বাধ্যতামূলক করা হয়েছে। চাইলে রান্নাঘরের ক্যাবিনেটেও ঝুড়ি সংযুক্ত করা যাবে।
নিয়ন্ত্রণ ও প্রণোদনা
নিয়মে বলা হয়েছে, ঝুড়িতে আরএফআইডি (RFID) ইলেকট্রনিক ট্র্যাকিং চিপ বসানো যাবে, যা জাতীয় ঠিকানার সঙ্গে যুক্ত থাকবে। যৌথ সংগ্রহস্থলে নজরদারি ক্যামেরা বসানো ও 'রিসাইকেল ফি' নির্ভর 'পে-অ্যাজ-ইউ-থ্রো' পদ্ধতি চালুর সুযোগ রাখা হয়েছে।
বর্জ্য পৃথকীকরণে উৎসাহ দিতে পুরস্কার পয়েন্ট, কোম্পানির জন্য সংগ্রহ সেবায় ছাড় এবং মহল্লাভিত্তিক প্রতিযোগিতার ব্যবস্থা থাকবে।
নিয়ম না মানলে পাঁচ স্তরের জরিমানা হবে, অপরাধের মাত্রা অনুযায়ী। বারবার অপরাধ করলে শাস্তি বাড়বে, তিন থেকে পাঁচবার সতর্কবার্তার পর জরিমানা বা বর্জ্য সংগ্রহ বন্ধ করা হতে পারে। অবহেলায় ঝুড়ি নষ্ট হলে নতুন ঝুড়ির খরচ ব্যবহারকারীকে বহন করতে হবে।
কৃষি, শিল্প ও বিশেষ বর্জ্য
কৃষি খাতে পশু ও কসাইখানার বর্জ্য তিন স্তরের ঝুঁকিতে ভাগ করে ০ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াসে ঠান্ডা রেখে প্রতিদিন সংগ্রহ করতে হবে।
শিল্প খাতে বিপজ্জনক ও সাধারণ বর্জ্য আলাদা রাখতে হবে এবং অ্যাসিড-ক্ষার বা সায়ানাইডের মতো বিপরীতধর্মী পদার্থ একসঙ্গে ফেলা যাবে না।
বিশেষ বর্জ্যের মধ্যে ইলেকট্রনিক যন্ত্র, ব্যাটারি, পুরনো গাড়ি ও টায়ার পড়ে। এসব টায়ার পৌরসভা বর্জ্যের সঙ্গে বা অনুমোদনহীন স্থানে ফেলা নিষিদ্ধ। পুরনো গাড়ি ও টায়ার অনুমোদিত কেন্দ্রে জমা দিতে হবে। 'এক্সটেন্ডেড প্রোডিউসার রেসপনসিবিলিটি' নীতিতে উৎপাদক ও আমদানিকারককে পণ্যের শেষ পর্যন্ত দায় নিতে হবে।
২০৩০ সালের লক্ষ্য
নতুন নিয়মাবলি বর্জ্য ব্যবস্থাপনা কৌশলের লক্ষ্য অর্জনে সহায়ক হবে। এতে ২০৩০ সালের মধ্যে উৎস থেকে পৌরসভা বর্জ্য পৃথকীকরণের হার ০.৩% থেকে ৪৭% এবং ২০৪০ সালে ৭৯% করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শিল্প বর্জ্য ৫৭% ও কৃষি বর্জ্য ৪২% পৃথকীকরণের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে। ইলেকট্রনিক যন্ত্র, গাড়ি ও টায়ার ৬০% পর্যন্ত পৃথক করা হবে।
বর্তমানে সৌদি আরবে একজন ব্যক্তি প্রতিদিন গড়ে ১.৭ কেজি পৌরসভা বর্জ্য উৎপাদন করেন, যার ২৪% খাবারের উচ্ছিষ্ট, ২১% প্লাস্টিক এবং ১৮% কাগজ ও কার্টন। এর বেশিরভাগই এখনো ডাম্পিং গ্রাউন্ডে চলে যায়।

