ওমরাহ ও জিয়ারত অতিথিদের সৌদি আরব ত্যাগ
ওমরাহ ও জিয়ারত কর্মসূচির চতুর্থ দফার ২১ দেশের ২৫০ অতিথিকে বিদায় জানিয়েছে সৌদি ইসলামিক মন্ত্রণালয়।
মূল বিষয়
AIওমরাহ ও জিয়ারত কর্মসূচির চতুর্থ দফার অতিথিদের সৌদি আরব থেকে নিজ নিজ দেশে ফেরার সময় বিদায় জানিয়েছে সৌদি আরবের ইসলামিক, দাওয়াহ ও নির্দেশনা মন্ত্রণালয়। ১৪৪৮ হিজরি সালের এই দফায় ২১ দেশের ২৫০ জন নারী-পুরুষ ওমরাহ পালনকারী অংশ নেন। তাঁরা ওমরাহ পালন, মদিনায় মসজিদে নববী পরিদর্শন এবং বিভিন্ন ইসলামি, ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থাপনা ঘুরে দেখার সুযোগ পান। পুরো সফরজুড়ে অতিথিদের জন্য বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সৌজন্যে সর্বোচ্চ মানের সেবা ও সুবিধা নিশ্চিত করা হয়।
মদিনায় অতিথিরা মসজিদে নববী পরিদর্শন, মহানবী (স.) ও তাঁর দুই সাহাবির (রা.) রওজা জিয়ারত এবং রওজা শরিফায় নামাজ আদায় করেন। তাঁরা আরও ঘুরে দেখেন উহুদ পাহাড়, উহুদের শহীদদের কবরস্থান, কুবা মসজিদ, কিং ফাহাদ কুরআন ছাপাখানা, আন্তর্জাতিক সীরাত ও ইসলামি সভ্যতা জাদুঘর ও প্রদর্শনী।
মক্কায় অতিথিরা ওমরাহ পালন করেন এবং মসজিদুল হারামে নামাজ আদায়ের সৌভাগ্য অর্জন করেন। তাঁরা কিং আবদুল আজিজ কাবার গিলাফ তৈরির কারখানা, ওহি প্রদর্শনীসহ বিভিন্ন দাওয়াতি ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নেন। এতে তাঁদের অভিজ্ঞতা সমৃদ্ধ হয় এবং সৌদি আরবের পবিত্র দুই মসজিদের সেবা ও দেশটির সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ পান।
বিদায়ের আগে অতিথিরা সৌদি আরবে আসার পর থেকে পাওয়া আন্তরিক আতিথেয়তা, সম্মান ও যত্নের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন, এই আধ্যাত্মিক সফর তাঁদের স্মৃতিতে চিরকাল অম্লান থাকবে। সফরের বিভিন্ন কর্মসূচি ও সৌদি আরবের মুসলিমদের প্রতি আন্তরিকতার প্রশংসা করেন তাঁরা। অতিথিরা জানান, দেশে ফিরে তাঁরা সৌদি আরব ও এর জনগণের প্রতি উজ্জ্বল স্মৃতি ও ভালোবাসা নিয়ে যাবেন।
অতিথিরা বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তাঁরা বলেন, ইসলামের সেবা ও মুসলিমদের কল্যাণে সৌদি নেতৃত্বের আন্তরিকতা ও পবিত্র দুই মসজিদের জিয়ারত সহজ করার প্রচেষ্টা তাঁদের মুগ্ধ করেছে।
উল্লেখ্য, ১৪৪৮ হিজরি সালের এই দফায় ২১ দেশের ২৫০ জন ওমরাহ পালনকারী অংশ নেন। দেশগুলো হলো: পাকিস্তান, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, তুরস্ক, জর্জিয়া, রাশিয়া, ভুটান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভানুয়াতু, সলোমন দ্বীপপুঞ্জ ও ফিজি।
