জেদ্দা বন্দরে ৫৮ কেজি মাদক আইস জব্দ
জেদ্দা ইসলামি বন্দরের কাস্টমস ৫৮.৬ কেজি মাদক আইস (মেথামফেটামিন) পাচারচেষ্টা নস্যাৎ করেছে, যা এক চালানে লুকানো ছিল।
মূল বিষয়
AIজেদ্দা ইসলামি বন্দরের কাস্টমস ৫৮.৬ কেজি মাদক আইস (মেথামফেটামিন) পাচারের চেষ্টা নস্যাৎ করেছে। এই মাদক একটি চালানের ভেতর লুকানো ছিল, যা বন্দরের মাধ্যমে সৌদি আরবে আসে।
শুল্ক, ট্যাক্স ও কাস্টমস কর্তৃপক্ষের মুখপাত্র হামুদ আল হারবি জানান, জেদ্দা ইসলামি বন্দরে 'পুরুষদের জুতা'র একটি চালান আসে। নিয়মিত কাস্টমস প্রক্রিয়া ও নিরাপত্তা প্রযুক্তি ব্যবহারের সময় জুতার ভেতরে লুকানো অবস্থায় এই বিপুল পরিমাণ মাদক পাওয়া যায়।
হারবি আরও জানান, জব্দের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে সৌদি আরবের ভেতরে চালানটির গ্রহণকারীদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।
মুখপাত্র আরও বলেন, দেশের সব কাস্টমস চৌকিতে আমদানি-রপ্তানির ওপর কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। মাদক ও নিষিদ্ধ দ্রব্যের পাচার রোধে কাস্টমস কর্তৃপক্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করছে, যাতে সমাজের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা যায়।
হারবি সবাইকে অনুরোধ করেছেন, সমাজ ও জাতীয় অর্থনীতি রক্ষায় মাদক পাচারবিরোধী প্রচেষ্টায় অংশ নিতে এবং কোনো তথ্য থাকলে কাস্টমস কর্তৃপক্ষের নির্ধারিত নিরাপত্তা নম্বর (1910), ই-মেইল ([email protected]) অথবা আন্তর্জাতিক নম্বর (009661910)-এ যোগাযোগ করতে। এসব চ্যানেলে দেওয়া তথ্য গোপন রাখা হয় এবং তথ্য সঠিক হলে আর্থিক পুরস্কার দেওয়া হয়।
