২০২৬ সালে ৬৬৭ কিলোমিটার হাঁটার পথ উন্নয়ন করবে সৌদি পৌর ও আবাসন মন্ত্রণালয়
২০২৬ সালের প্রথমার্ধে ৬৬৭ কিলোমিটার হাঁটার পথ ও ১.২৮ মিলিয়ন বর্গমিটার খোলা মাঠ উন্নয়নের ঘোষণা দিয়েছে সৌদি পৌর ও আবাসন মন্ত্রণালয়।
মূল বিষয়
AI
সৌদি পৌর ও আবাসন মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৬ সালের প্রথমার্ধে দেশের বিভিন্ন শহর ও অঞ্চলে জনসাধারণের জন্য ৬৬৭ কিলোমিটারের বেশি হাঁটার পথ ও ফুটপাত, ১.২৮ মিলিয়ন বর্গমিটার আয়তনের ১০৮টি পৌর মাঠ, ৮ লাখ ৩ হাজার বর্গমিটারের বেশি জায়গাজুড়ে ৪৪টি পৌর পার্ক এবং ৩,০৭০ মিটার দীর্ঘ সমুদ্রতীরবর্তী এলাকা উন্নয়ন করা হয়েছে। এসব উদ্যোগ নেওয়া হয়েছে শহর ও জেলার উন্নয়নের অংশ হিসেবে।
প্রতিটি শহরের বৈশিষ্ট্য ও চাহিদা অনুযায়ী এসব উন্নয়নকাজ হয়েছে। এর মধ্যে রিয়াদ অঞ্চলের পৌরসভা সবচেয়ে দীর্ঘ হাঁটার পথ ও ফুটপাত (৫১৭ কিলোমিটার) এবং ১০১টি পৌর মাঠ নির্মাণ করেছে। মদিনা অঞ্চলের পৌরসভা সবচেয়ে বড় পার্ক (৪ লাখ ১৭ হাজার ৬০০ বর্গমিটার) তৈরি করেছে। সমুদ্রতীরবর্তী উন্নয়নে পূর্বাঞ্চলীয় পৌরসভা ১,৯২০ মিটার এবং তাবুক পৌরসভা ১,১৫০ মিটার এলাকা উন্নয়ন করেছে।
মন্ত্রণালয় জানিয়েছে, আরও বাসযোগ্য ও চলাচলের উপযোগী শহর গড়তে হাঁটার পথের নেটওয়ার্ক বাড়ানো, পার্ক ও মাঠে সহজে যাতায়াতের সুযোগ তৈরি এবং পাড়া-মহল্লায় খোলা জায়গা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বাসিন্দাদের দৈনন্দিন জীবনযাত্রার মান বাড়বে এবং পৌরসেবা আরও সহজলভ্য হবে।
হাঁটার পথ, পার্ক, মাঠ ও সমুদ্রতীরবর্তী এলাকা উন্নয়ন শহরের সৌন্দর্য ও পরিচিতি বাড়াবে এবং এসব খোলা জায়গা দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এ উদ্যোগের লক্ষ্য ‘বাড়ি থেকে শহর পর্যন্ত জীবনযাত্রা’ সহজ করা।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, পৌরসভা ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ে এসব উন্নয়নকাজ চলবে। এতে চলাচল সহজ হবে, পাড়া-মহল্লা আরও প্রাণবন্ত হবে এবং জনগণ সহজেই খোলা জায়গা ও সেবা পাবেন। এসব উদ্যোগ সৌদি ভিশন ২০৩০-এর টেকসই ও আকর্ষণীয় শহর গড়ার লক্ষ্যকে এগিয়ে নেবে।
