সাইবার হামলার কারণে নয়, ৭৪ দেশে মাইক্রোসফট সেবায় বিপর্যয়
মাইক্রোসফট জানিয়েছে, ৭৪টি দেশে আউটলুক, টিমস ও কোপাইলটসহ তাদের সেবায় বড় ধরনের বিপর্যয়ের পেছনে সাইবার হামলা নয়, বরং অবকাঠামোতে অতিরিক্ত চাপই দায়ী।
মূল বিষয়
AIশুক্রবার মাইক্রোসফট জানিয়েছে, ৭৪টি দেশ ও অঞ্চলে আউটলুক, টিমস ও কোপাইলটসহ তাদের বিভিন্ন সেবায় বড় ধরনের বিপর্যয়ের পেছনে সাইবার হামলা বা কোনো ধরনের ক্ষতিকর কার্যকলাপ ছিল না। প্রতিষ্ঠানটি জানায়, এই সমস্যা তাদের অবকাঠামোতে অতিরিক্ত চাপের কারণে হয়েছে এবং সেবা পুরোপুরি ফেরাতে তারা কাজ চালিয়ে যাচ্ছে।
মাইক্রোসফটের এক নির্বাহী ভাইস প্রেসিডেন্ট চার্লস লামানা এক্স-এ (সাবেক টুইটার) বলেন, "এই বিপর্যয়ের পেছনে কোনো ক্ষতিকর কার্যকলাপ বা সাইবার হামলার কোনো ইঙ্গিত নেই।" এই সমস্যা যুক্তরাষ্ট্রে আউটলুকসহ মাইক্রোসফটের অন্যান্য সেবায় কয়েক ঘণ্টা ধরে প্রভাব ফেলেছে এবং আমেরিকা, ইউরোপ, এশিয়া ও আফ্রিকার অনেক ব্যবহারকারী এতে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সেবার ত্রুটি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট 'ডাউন ডিটেক্টর'।
প্রথমে মাইক্রোসফট জানিয়েছিল, তারা আমেরিকায় সেবা বিঘ্নের অভিযোগ খতিয়ে দেখছে। পরে তারা জানায়, এই সমস্যা বিশ্বের যেকোনো অঞ্চলের ব্যবহারকারীর 'মাইক্রোসফট ৩৬৫' সেবায় সংযোগে প্রভাব ফেলছে। এই সেবার আওতায় ক্লাউড সাবস্ক্রিপশনের মাধ্যমে আউটলুক ও টিমসসহ বিভিন্ন অ্যাপ ব্যবহারের সুযোগ রয়েছে।
এক্স-এ মাইক্রোসফট জানায়, তারা বিভিন্ন অঞ্চলে অবকাঠামোর এক অংশে অতিরিক্ত চাপ শনাক্ত করেছে, যা এই বিপর্যয়ের কারণ বলে মনে করা হচ্ছে। প্রতিষ্ঠানটি জানায়, তারা আপাতত সব ধরনের নতুন আপডেট স্থগিত করেছে এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো এড়িয়ে ডেটা ট্রাফিক সরিয়ে নেওয়া ও সার্ভার পুনরায় চালুর কাজ করছে।
যুক্তরাষ্ট্রে দুপুর ১টার পর (ইস্টার্ন টাইম) আউটলুকে প্রায় ১,৩০,০০০ ব্যবহারকারী সমস্যা জানিয়েছেন, যা সন্ধ্যা ৬টার (২৩:০০ জিএমটি) মধ্যে কমে দাঁড়ায় ৩৭,০০০-এ—এ তথ্য 'ডাউন ডিটেক্টর' থেকে জানা গেছে। টিমস ও কোপাইলটেও হাজার হাজার ব্যবহারকারী সমস্যার কথা জানিয়েছেন।
বিপর্যয় চলাকালে মাইক্রোসফট এক্স-এ একাধিক আপডেট প্রকাশ করে জানিয়েছে, তারা সেবা পুরোপুরি ফেরাতে কাজ করছে। সন্ধ্যা ৬টার পর এক আপডেটে প্রতিষ্ঠানটি জানায়, তারা সীমিত পরিমাণে সেবা পুনরুদ্ধারের লক্ষণ দেখতে পাচ্ছে এবং ব্যবহারকারীদের ডেটা ট্রাফিক ক্ষতিগ্রস্ত সার্ভার এড়িয়ে পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটি আশা করছে, অ্যাপগুলো সার্ভারের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপন করলে ধাপে ধাপে সেবা স্বাভাবিক হবে।
