কালো সাগরে ৪টি কার্গো জাহাজে রাশিয়ার হামলার দাবি
রাশিয়া জানিয়েছে, ইউক্রেনীয় বাহিনীর জন্য সরবরাহ বহনকারী ৪টি জাহাজে কালো সাগরে হামলা চালানো হয়েছে। এদিকে মস্কো অঞ্চলে ড্রোন হামলায় হতাহত হয়েছেন অনেকে।
মূল বিষয়
AIরাশিয়া জানিয়েছে, কালো সাগরে ইউক্রেনীয় বাহিনীর জন্য সরবরাহ বহনকারী ৪টি জাহাজকে তারা লক্ষ্যবস্তু করেছে। অন্যদিকে, ইউক্রেনের ড্রোন হামলায় মস্কো অঞ্চলে হতাহত হয়েছে অনেকে।
মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রে ভোরোবিয়ভ জানান, ইউক্রেনীয় ড্রোন হামলায় ৫ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন।
ভোরোবিয়ভ টেলিগ্রামে এক পোস্টে বলেন, হামলার পর একটি গুদামে আগুন ধরে যায়, পরে দমকল বাহিনী তা নিয়ন্ত্রণে আনে। হামলায় একটি বাড়ি ও একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, রোববার রাশিয়া জানিয়েছে, কালো সাগর তীরবর্তী জেলেন্ডজিক রিসোর্টে ইউক্রেনের ড্রোন হামলায় ৭ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ৩ জন শিশু। আহত হয়েছে প্রায় ৪০ জন। রাশিয়া দাবি করেছে, এটি বেসামরিকদের ওপর ইচ্ছাকৃত হামলা।
রয়টার্সের তথ্য অনুযায়ী, ভিডিও ফুটেজে দেখা যায়, ইউক্রেনীয় ড্রোন একটি জনবহুল সৈকত এলাকায় আঘাত হানলে সেখানে প্রবল বিস্ফোরণ ঘটে।
এদিকে, রুশ বার্তা সংস্থা রিয়া জানিয়েছে, সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের মিকোলাইভ বন্দরে দুটি এবং কালো সাগরে আরও দুটি জাহাজে হামলা চালানো হয়েছে। রাশিয়া দাবি করেছে, এসব জাহাজ ইউক্রেনীয় সেনাবাহিনীর জন্য সরবরাহ পরিবহনে ব্যবহৃত হচ্ছিল। তবে রয়টার্স স্বাধীনভাবে এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি।
রয়টার্স আরও জানিয়েছে, গত কয়েক মাসে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে দীর্ঘপাল্লার হামলা বাড়িয়েছে, যার লক্ষ্য মূলত তেল শোধনাগার ও ই-কমার্সের গুদাম। ইউক্রেন বলছে, এসব হামলা রুশদের যুদ্ধের খেসারত বুঝিয়ে দিতে চালানো হচ্ছে।
