রুশ হামলায় কিয়েভে ১৪ জন নিহত, আহত ২৭
রুশ বিমান হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে অন্তত ১৪ জন নিহত ও ২৭ জন আহত হয়েছে। হামলায় বেশ কয়েকটি গুদামও ক্ষতিগ্রস্ত হয়েছে।
মূল বিষয়
AIইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, রুশ বিমান হামলায় অন্তত ১৪ জন নিহত ও ২৭ জন আহত হয়েছে। এ ছাড়া রাজধানী কিয়েভসহ ওই অঞ্চলের বেশ কয়েকটি গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে, হামলাগুলো রাতের বেলায় চালানো হয়।
রয়টার্সের খবরে বলা হয়েছে, শহরের সামরিক প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, রাজধানীর দুটি এলাকায় গুদাম হিসেবে ব্যবহৃত ভবনে আগুন ধরে যায়। প্রশাসনের এক পোস্টে বলা হয়েছে, "ঝুঁকির মাত্রা এখনও বেশি।" কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, শহরের উত্তরের এক উপশহরে হামলার ঘটনাস্থলে জরুরি সেবা দল পাঠানো হয়েছে। তিনি আরও জানান, আকাশ প্রতিরক্ষা ইউনিট হামলা প্রতিহত করছে।
ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, অন্তত দুটি ভিন্ন দিক থেকে কিয়েভ শহরের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যেখানে প্রায় ৩০ লাখ মানুষ বাস করে।
এর আগে, রুশ বাহিনী কিয়েভ ও আশপাশের এলাকায় ইউক্রেনীয় সেনাবাহিনীর ড্রোন তৈরির কারখানা, লজিস্টিক কেন্দ্র ও ড্রোন সংরক্ষণের স্থাপনা লক্ষ্য করে নির্ভুল হামলা চালিয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে, রুশ সংবাদ সংস্থা স্পুটনিকের বরাতে জানিয়েছে, "গত রাতে রুশ সশস্ত্র বাহিনী স্থলভিত্তিক নির্ভুল অস্ত্র ও দূরপাল্লার ড্রোন ব্যবহার করে কিয়েভ ও আশপাশের এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে। এসব হামলায় অস্ত্র ও সামরিক সরঞ্জাম সংরক্ষণ, পরিবহন ও বিতরণের কেন্দ্র এবং ড্রোন উৎপাদন ও বিতরণের স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে।"
