হরমুজ প্রণালীতে আটকে পড়া ৬ হাজার নাবিককে সরাতে জাতিসংঘের আহ্বান
পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে ৫০০ জাহাজে আটকে থাকা প্রায় ৬ হাজার নাবিককে দ্রুত সরানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
মূল বিষয়
AIপারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে প্রায় ৫০০ জাহাজে আটকে থাকা ৬ হাজার নাবিককে দ্রুত সরানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। আঞ্চলিক উত্তেজনা ও সামুদ্রিক অবরোধের কারণে নৌ চলাচল প্রায় সম্পূর্ণভাবে বন্ধ এবং নিরাপত্তা ঝুঁকি বেড়েছে বলে সংস্থাটি জানিয়েছে।
জাতিসংঘ জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে নৌ চলাচল এখন কার্যত বন্ধ, ফলে ৫০০ জাহাজে ৬ হাজার নাবিক আটকা পড়েছেন। একই সঙ্গে সংস্থাটি বলেছে, নিরাপদে চলাচলের জন্য আরোপিত ফি আন্তর্জাতিক আইনে অবৈধ এবং জ্বালানির উচ্চমূল্য বৈশ্বিক বাণিজ্যের খরচ বাড়িয়ে দিচ্ছে।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফোল্কার টুর্ক শুক্রবার মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে জড়িত দেশগুলোকে হরমুজ প্রণালীতে আটকে পড়া নাবিকদের উদ্ধার ও ফিরিয়ে নিতে সহায়তার আহ্বান জানান।
ফ্রান্স প্রেস এজেন্সির খবরে বলা হয়েছে, জেনেভায় জাতিসংঘের শরণার্থী সংস্থার মুখপাত্র শাবিয়া মান্টো বলেন, 'সংঘাতে জড়িত পক্ষগুলোর জরুরি ভিত্তিতে আটকে পড়া নাবিকদের নিরাপদে সরিয়ে নেওয়া ও তাদের নিরাপদে নামার ব্যবস্থা করা উচিত, পাশাপাশি জরুরি সরবরাহ পৌঁছানোর বিষয়টিও নিশ্চিত করতে হবে।'
